পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লির ডক্টর বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিধিনিষেধ প্রত্যাহার, ক্যাম্পাসে যাতায়াতের সুবিধা এবং প্রতিবাদ ও মতপ্রকাশের অধিকার রক্ষার দাবিতে আন্দোলন করছেন পড়ুয়ারা। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র নেতৃত্বে চলা অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভের ১৭তম দিনে, ১৪ অক্টোবর, ১১ জন পড়ুয়াকে সাসপেন্ড করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পদক্ষেপকে আন্দোলন দমনের চেষ্টা বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।

কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত চলাকালীন সাসপেন্ড হওয়া পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারবেন না।

অন্যদিকে, পড়ুয়াদের দাবি, আগে শো-কজ নোটিস বা প্রোক্টরিয়াল কমিটির বৈঠক ছাড়াই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে প্রবেশ, অনুষ্ঠান ও প্রতিবাদের উপর বিধিনিষেধের বিরুদ্ধেই এই আন্দোলন। পড়ুয়া বিবেকের কথায়, ‘‘বিশ্ববিদ্যালয় আমাদের কণ্ঠস্বর সহ্য করতে পারছে না।’’ কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলনকারীদের নিশানা করার অভিযোগও তুলেছেন সাসপেন্ড হওয়া পড়ুয়ারা।