পুবের কলম ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হল। পিটিশনে আবেদনকারীর অভিযোগ, অসঙ্গতির অজুহাত দেখিয়ে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে ১ কোটিরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। যা রাজ্যের মোট ভোটারের প্রায় ৩৩ শতাংশ। এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনা ঘিরে মহারাষ্ট্র জুড়ে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

‘লাইভ ল’ এর খবর অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এসআইআর সংক্রান্ত রাহুল গান্ধীর দায়ের করা আলাদা পিটিশনটির সঙ্গে এই মামলাটি একসঙ্গে শুনতে অস্বীকার করেছে।

শুনানি চলাকালীন প্রধান বিচারপতি জানান, ভোটার তালিকা সংশোধনের এই ইস্যুতে সার্বিক কোনও নির্দেশ দেওয়ার পরিবর্তে আদালত রাজ্যভিত্তিক পরিস্থিতি আলাদাভাবে পর্যালোচনা করতে চায়। একই সঙ্গে এই মামলায় সরাসরি আবেদনকারীকে দস্তি নোটিস জারির বিষয়টিও বিবেচনা করে বেঞ্চ।

এই আইনি টানাপোড়েনের মাঝেই মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকায় দাবি ও আপত্তি জানানোর সময়সীমা প্রায় দু’মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন। এর ফলে যোগ্য ভোটাররা নাম তোলা, ভুল সংশোধন বা আপত্তি জানানোর জন্য আগামী ২৬ অক্টোবর পর্যন্ত সময় পাবেন। গত ৩১ আগস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল এবং সংশোধনের যোগ্যতার তারিখ হিসেবে ১ অক্টোবর ধার্য ছিল।

সংশোধিত নির্ঘণ্ট অনুযায়ী, ২৬ অক্টোবর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণের পর ১০ নভেম্বর পর্যন্ত নোটিস জারি ও নিষ্পত্তির কাজ চলবে। পূর্বপরিকল্পনা মেনেই আগামী ১৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এই সময়সীমা বৃদ্ধির ফলে যাঁদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে এবং যাঁরা ব্যক্তিগত তথ্য সংশোধন করতে চান, তাঁরা বাড়তি সুযোগ পেলেন। নতুন ভোটাররাও নিজেদের নাম অন্তর্ভুক্তির জন্য এই সময়ের সদ্ব্যবহার করতে পারবেন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে যোগ্য নাগরিকদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে বিস্তারিত তথ্য যাচাই করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে আবেদন জানানো হয়েছে।