উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে ধর্ষণ এবং ছবি ভাইরাল করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে অন্ধ্রপ্রদেশ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। ধৃতের নাম বাপন পৈলান (৪১)। তাঁর বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায়। মঙ্গলবার তাঁকে জয়নগর থানায় নিয়ে আসে পুলিশ। বুধবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জয়নগর থানা এলাকার এক নাবালিকার সঙ্গে অভিযুক্তের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, সেই সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণ করা হয়। পাশাপাশি, ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করারও অভিযোগ ওঠে। ঘটনার কথা জানাজানি হওয়ার পর নাবালিকার পরিবারের পক্ষ থেকে জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে জয়নগর থানার পুলিশ। তদন্তের সূত্র ধরে এবং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান জানতে পারেন তদন্তকারীরা। এরপর অন্ধ্রপ্রদেশের আল্লুর এলাকায় অভিযান চালিয়ে বাপন পৈলানকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে জয়নগর থানায় নিয়ে আসা হয়।নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি ঘটনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য তথ্যপ্রমাণ সংগ্রহের কাজও চলছে।