পুবের কলম, ওয়েবডেস্ক: আসামের ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের নাম চিরতরে মুছে ফেলতে প্রতি পাঁচ বছর অন্তর ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া চালু করা উচিত বলে দাবি করলেন আসামের ক্যাবিনেট মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য বিজেপির প্রবীণ এই নেতা জানান যে, অনুপ্রবেশের হাত থেকে রাজ্যের জনবিন্যাস ও ভোটাধিকার সুরক্ষিত রাখতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। মঙ্গলবার আসামের নলবাড়ীতে আয়োজিত বিজেপির ‘জন জাগরণ সামদল’ মিছিলে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।
 
নলবাড়ীর জনসভায় ৩০,০০০-এরও বেশি মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন যে, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে আসামের ঐতিহাসিক ছয় বছরব্যাপী আন্দোলনের কথা মাথায় রাখলে রাজ্যটিতে ভোটার তালিকা যাচাইকরণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া আবশ্যিক।
 
জয়ন্ত মল্লবরুয়ার বক্তব্য, আসামের সর্বস্তরের মানুষ ভোটার তালিকায় স্বচ্ছতা চান।

একটিও অবৈধ বা বিদেশি নাগরিকের নাম যাতে ভোটার তালিকায় না থাকে, তা নিশ্চিত করতে প্রতি ৫ বছরে একবার এসআইআর প্রক্রিয়া চালানো উচিত। ইভিএম এবং ভোটার তালিকা নিয়ে বিরোধীদের আন্দোলনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, কংগ্রেস কখনই জনস্বার্থের পাশে থাকে না। বারবার নির্বাচনে হারার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা কখনো ইভিএম, কখনো বা ব্যালট পেপারের বাহানা খোঁজে। নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধিতা করা সংগঠনগুলিকে আক্রমণ করে তিনি দাবি করেন, তারা দেশের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
 
ইভিএম বাতিল করে কাগজের ব্যালটে ফিরে যাওয়ার জন্য রাহুল গান্ধী এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের তোলা দাবির জবাবে মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দেন। মুখ্যমন্ত্রী বিরোধী শিবিরকে ব্যালট পেপারে নির্বাচন লড়াইয়ের যে বার্তা দিয়েছিলেন, তাকেই সমর্থন জানান জয়ন্ত মল্লবরুয়া।