পুবের কলম ওয়েব ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আরও এক মন্ত্রীর ইস্তফা। এবার মন্ত্রীপদ ছাড়লেন তামিলনাড়ুর বিজেপি নেতা এল মুরুগান। একই সঙ্গে তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, তৃণমূল স্তরে নেমে দলের সংগঠন বিস্তারে কাজ করার উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের যে জল্পনা চলছিল, মুরুগানের পদত্যাগে তা আরও জোরদার হল।


এল মুরুগান কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি লোকসভার সদস্য ছিলেন না, রাজ্যসভার সদস্য হিসেবেই মন্ত্রীত্ব পেয়েছিলেন। মনে করা হচ্ছে, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই তিনি এই পদক্ষেপ করেছেন। সোশাল মিডিয়ায় মুরুগান নিজেই জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে দলের সংগঠনের কাজে সময় দেওয়ার জন্যই তাঁর এই সিদ্ধান্ত। তিনি আরও লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে ভারতমাতা এবং তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।
"
এর আগে গত কয়েক মাসে জর্জ কুরিয়েন এবং রবনীত বিট্টুর মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও ইস্তফা দিয়ে দলের সংগঠনের কাজে নিযুক্ত হয়েছেন। মুরুগান ২০২১ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে পদ ছাড়তে হল। রাজনৈতিক মহলের মতে, মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। মুরুগানের ইস্তফা সেই রদবদল প্রক্রিয়া শীঘ্রই শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে।