পুবের কলম ওয়েব ডেস্ক: পুজোর মুখে আমজনতা ও ব্যবসায়ীদের জন্য বড়সড় স্বস্তির খবর। আগামী ১৫ অক্টোবর থেকে ২ হাজার টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনে যে এমডিআর বা অতিরিক্ত ফি চালুর কথা ছিল, আপাতত তা স্থগিত রাখল সরকার। মঙ্গলবার সার্ভিস স্টিয়ারিং কমিটির তরফে জানানো হয়েছে, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে আসন্ন দিওয়ালি পর্যন্ত অনলাইন লেনদেনে নতুন করে কোনও ফি দিতে হবে না।
সম্প্রতি সংসদের বাদল অধিবেশনে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ সংশোধনীর মাধ্যমে ২ হাজার টাকার বেশি অনলাইন লেনদেনে ০.৪ শতাংশ এমডিআর ধার্য করার কথা ঘোষণা করা হয়। কিন্তু এই সিদ্ধান্তের পরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করে যে, এই ফি কার্যকর হলে ব্যবসায়ীরা তার দায় সাধারণ ক্রেতাদের উপরেই চাপাবেন। বাস্তবেও এমডিআর কার্যকর হওয়ার আগেই বহু ব্যবসায়ী অনলাইন পেমেন্ট নিতে অস্বীকার করেন এবং নগদে বিল মেটানোর জন্য জোর দিতে শুরু করেন। একটি সমীক্ষায় আশঙ্কা প্রকাশ করা হয় যে, এমডিআর চালু হলে দেশের প্রায় ৫ কোটি অনলাইন ব্যবহারকারীর মধ্যে ৭৬ শতাংশই ডিজিটাল লেনদেন থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। উৎসবের মরশুমে ডিজিটাল লেনদেনে বড়সড় ধাক্কা লাগার এই জোরাল আশঙ্কার জেরেই শেষ পর্যন্ত পিছু হটে সরকার।
দিওয়ালি পর্যন্ত এই ফি স্থগিত রাখা হলেও, ঠিক কবে থেকে তা পাকাপাকিভাবে কার্যকর হবে সে বিষয়ে কেন্দ্রের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, উৎসব এবং বিয়ের মরশুম মিটে যাওয়ার পর আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ এই নতুন নিয়ম কার্যকর হতে পারে।