পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে এবং দ্রুত শূন্যপদ পূরণের লক্ষ্যে বড় পদক্ষেপ করল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে দ্বিতীয় এসএলএসটি-র নবম ও দশম শ্রেণির সহকারী শিক্ষক পদের জন্য যোগ্য প্রার্থীদের সংশোধিত প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশের কথা জানানো হয়।
কলকাতা হাই কোর্টের গত ১৪ সেপ্টেম্বরের নির্দেশিকা এবং রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরের নিয়মবিধি মেনেই এই নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে।

যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন, তাঁদের নাম এই তালিকায় রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট (westbengalssc.com) এবং হেল্পডেস্ক ওয়েবসাইটে (wbsschelpdesk.com) এই সংশোধিত তালিকা আপলোড করা হয়েছে। প্রার্থীরা পোর্টালগুলিতে লগ-ইন করে নিজেদের নাম ও রোল নম্বর দিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, সফল প্রার্থীদের খুব দ্রুত নথিপত্র যাচাই, ইন্টারভিউ এবং ক্লাস টিচিং বা লেকচার ডেমনস্ট্রেশন নেওয়া হবে।
এর সময়সূচি শীঘ্রই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গত কয়েক বছর ধরে শিক্ষক নিয়োগে স্বজনপোষণ ও দুর্নীতির যে অভিযোগ সামনে এসেছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই কলঙ্ক মুছে স্বচ্ছ নিয়োগে বদ্ধপরিকর। দীর্ঘদিন পর এই নিয়োগ জট কাটায় খুশি চাকরিপ্রার্থীরা। যোগ্যতার ভিত্তিতে এবার তাঁরা চাকরি পাবেন বলে আশাবাদী। পাশাপাশি, এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের সরকারি স্কুলগুলিতে তৈরি হওয়া শিক্ষক সংকট মিটবে এবং ছাত্র-শিক্ষকের অনুপাত স্বাভাবিক হয়ে পঠনপাঠন ব্যবস্থা আরও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে।