পুবের কলম ওয়েব ডেস্ক: পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করে তাঁদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার কুঁদঘাটে একটি জলাশয় পুনরুদ্ধার অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের কটাক্ষকে সম্পূর্ণ উপেক্ষা করে দু'জনকেই নিজেদের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, যারা নিজেরা কিছু করেনি, তাদের হাতে কেবল মোবাইল আর ফেসবুক রয়েছে। পুরমন্ত্রী হিসেবে অগ্নিমিত্রা পাল রাস্তায় নেমে এবং দপ্তরে বসে সক্রিয়ভাবে কাজ করছেন দেখেই সমালোচকদের গাত্রদাহ হচ্ছে।

তিনি পুরমন্ত্রীকে 'চরৈবেতি' মন্ত্রে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, বিরোধীরা সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই প্রত্যাখ্যাত হয়েছে এবং আসন্ন পুরভোটেও তারা একইভাবে প্রত্যাখ্যাত হবে।
পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শক্ত হাতে সামলানোর জন্য স্থানীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়েরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, শর্বরী যাদবপুরকে ধীরে ধীরে রাষ্ট্রবাদের ধারায় নিয়ে আসছেন এবং তাঁর সক্রিয়তায় তথাকথিত বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা শঙ্কিত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর ভূমিকারও প্রশংসা করেন তিনি এবং তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে পরাজিত করা পাপিয়াকে নির্বাচিত করার জন্য এলাকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।