মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন ঘিরে উত্তপ্ত দিল্লির রাজনৈতিক পরিস্থিতি। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন সিজেপি নেতা অভিজিৎ দীপক। শনিবার দিল্লিতে বিক্ষোভকারীদের আটক ও পুলিশের পদক্ষেপের প্রতিবাদে রবিবার মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, আন্দোলন দমনের চেষ্টা করে প্রতিবাদীদের কণ্ঠরোধ করা যাবে না।

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার দিল্লিতে আটক হন অভিজিৎ দীপক, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। পরে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্টের স্পেশাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালত থেকে শর্তসাপেক্ষে মুক্তি পান তাঁরা।

আগামী এক বছর শান্তি বিঘ্নিত হতে পারে, এমন কোনও কাজে যুক্ত না থাকার শর্ত দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে মুক্তির পরেই আন্দোলনকারীরা স্পষ্ট করে দেন, এই পদক্ষেপ তাঁদের আন্দোলন থেকে সরাতে পারবে না।

অভিজিৎ দিপকের হুঁশিয়ারি, ‘আমাদের থামানো যাবে না। স্বেচ্ছাচারীদের শেষের শুরু।

আমরা পুলিশের কাছে কোনো মুচলেকা দিইনি। ফের রাস্তায় নামব।’ 
আশুতোষের তোপ, ‘জ্ঞানেশ কুমার গদ্দার। তাই তাঁকে ইস্তফা দেওয়ানোর জন্য যদি জীবনভর জেলে থাকতে হয়... রাজি।’ সৌরভ দাস বলেছেন, ‘দিল্লিকে যেভাবে দুর্গে পরিণত করে সরকার নাগরিকদের বিরুদ্ধেই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, এতে একটা বিষয় স্পষ্ট—প্রাণভোমরা জ্ঞানেশ কুমার। তাই যত চেষ্টাই করো, রোখা যাবে না।’