আটক হওয়ার পর মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। রবিবার সকালে তাঁদের দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নিয়ে যাওয়া হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

দিল্লি পুলিশ সূত্রের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিন নেতাকে আটক করা হয়েছিল। শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয় বলে জানা গিয়েছে।

এদিকে, মুক্তি পাওয়ার পরও আন্দোলন থেকে সরে আসতে নারাজ সিজেপি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা পিছু হটবেন না এবং আরও শক্তিশালী হয়ে আন্দোলনে ফিরবেন। শনিবারের পর রবিবারও যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলের সমর্থকেরা।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিকে ঘিরে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।