পুবের কলম ওয়েব ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে ঘিরে রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ। শনিবার সকাল থেকেই সেখানে জারি রয়েছে কড়া নিরাপত্তা এবং মধ্য দিল্লির বিস্তীর্ণ এলাকায় বলবৎ রয়েছে ১৬৩ ধারা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিল্লির সাউথ অ্যাভিনিউতে নিজের বাড়ির সামনে ভোটচুরির অভিযোগে অবস্থানে বসলে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রের খবর, বিক্ষোভের অনুমতি না থাকা সত্ত্বেও বেআইনি জমায়েত করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
আটক হওয়ার পর প্রিজন ভ্যান থেকেই সমাজমাধ্যমে সরাসরি ফেসবুক লাইভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, সিজেপি-র আমন্ত্রণে তাঁরা প্রথমে যন্তর মন্তরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি না দিয়ে সিজেপি নেতাকর্মী ও অন্য রাজনীতিবিদদের গ্রেপ্তার করে। এরপর তিনি নিজের বাসভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থানে বসলেও পুলিশ তাঁদের জোর করে তুলে নিয়ে যায়। মমতা আরও দাবি করেন, নির্দিষ্ট কোথাও না নিয়ে গিয়ে তাঁদের প্রিজন ভ্যানে তুলে প্রায় ৪০ মিনিট ধরে দিল্লির বিভিন্ন রাস্তায় ঘুরিয়েছে পুলিশ। গাড়ি থেকেই কেন্দ্র ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তিনি ‘জাগো দুর্গা’ ও ‘আঁখো মে ভর লো পানি’র মতো একাধিক গান গেয়ে প্রতিবাদ জানান।