পুবের কলম ওয়েবডেস্ক, দিল্লিতে ধরপাকড়ের মধ্যেও আন্দোলন চালানোর প্রস্তুতি, নেতৃত্বে অজিঙ্কা শিন্ডে।  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কিন্তু কর্মসূচি শুরুর আগেই দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। তাতেও আন্দোলন থামাতে নারাজ সিজেপি। দিপকের অনুপস্থিতিতে বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে অজিঙ্কা শিন্ডেকে।


আগাম গ্রেফতারির আশঙ্কা করে শুক্রবার রাতেই একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন দিপকে। শনিবার সিজেপির সমাজমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত সেই ভিডিয়োয় তিনি জানান, তাঁকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হলে অজিঙ্কা আন্দোলন পরিচালনা করবেন। কর্মী-সমর্থকদের তাঁর পাশে থাকার আহ্বানও জানান তিনি। এই প্রস্তুতি থেকে স্পষ্ট, শীর্ষ নেতৃত্বকে আটক করলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল দল।

মহারাষ্ট্রের বাসিন্দা ৩৫ বছর বয়সি অজিঙ্কা কম্পিউটার সায়েন্সে স্নাতক।

রাজনীতিতে আসার আগে একটি বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন। পরে আম আদমি পার্টির হয়ে গোয়া ও মহারাষ্ট্রে সাংগঠনিক দায়িত্ব সামলান। গত অগস্টে তাঁকে সিজেপিতে নিয়ে আসেন দিপকে। বর্তমানে তিনি দলের জাতীয় সংগঠন পরিচালনার দায়িত্বে রয়েছেন।
বিক্ষোভের আগে সিজেপি নেতাদের আটক করার ঘটনায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিয়ে প্রশ্ন উঠেছে। দলের দাবি, নেতৃত্বকে আটকে আন্দোলন বন্ধ করা যাবে না।