পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে চলা টানা আন্দোলনের আবহেই বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য, সম্পাদিত ভিডিয়ো বা কৃত্রিমভাবে তৈরি বিষয়বস্তু ছড়িয়ে সামাজিক শান্তি বিঘ্নিত করা ঠেকাতে বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে কড়া নির্দেশিকা বা অ্যাডভাইজরি জারি করল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

গত ৮ অক্টোবর জারি করা এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, সরকারি অনুমোদিত সংস্থাগুলির জমা দেওয়া অভিযোগগুলিকে অগ্রাধিকার দিয়ে বেআইনি এবং ভুয়ো আধেয় বা কনটেন্টের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে।

তথ্যপ্রযুক্তি মন্ত্রক এক অফিসিয়াল বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, চলমান সংবেদনশীল সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলীকে কেন্দ্র করে একশ্রেণীর অসাধু চক্র মনগড়া, ভুয়ো ও প্রেক্ষাপটহীন তথ্য প্রচার করছে। বর্তমানের ঘটনা বলে চালিয়ে পুরনো বা কৃত্রিম ভিডিয়ো ছাড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক এবং আইনশৃঙ্খলাজনিত গুরুতর সমস্যা তৈরি হতে পারে।

 

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, "তথ্যপ্রযুক্তি মন্ত্রকের নজরে এসেছে যে চলমান সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে বেশ কিছু ভুল, বিভ্রান্তিকর, কারচুপিকৃত ও প্রেক্ষাপটহীন তথ্য সোশাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে। এই জাতীয় কনটেন্ট জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে, সামাজিক শান্তি নষ্ট করতে পারে এবং হিংসা উস্কে দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।"

সম্প্রতি নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসসহ বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের প্রতিবাদ রাজপথে গড়িয়েছে। একই ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সহ একাধিক রাজনৈতিক দল যন্তর মন্তর ও রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে। এই পরিস্থিতিতে আন্দোলন সম্পর্কিত নানা বিভ্রান্তিকর ছবি ও সম্পাদিত ভিডিয়ো নেটে ছড়িয়ে পড়ার ফলেই কেন্দ্র অবিলম্বে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে আইটি রুলস ২০২১ মেনে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল।