পুবের কলম ওয়েব ডেস্ক: শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের প্রথম কমিটিতে ‘জবাব দেওয়ার অধিকার’ প্রয়োগ করে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করল ভারত। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, পারমাণবিক অস্ত্রকে কোনওভাবেই রাষ্ট্র পরিচালনার সাধারণ হাতিয়ার হিসেবে গণ্য করা উচিত নয় এবং পরমাণু-হুমকির কাছে ভারত কখনওই মাথা নত করবে না।

জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলনে ভারতের স্থায়ী মিশনের বর্ষীয়ান উপদেষ্টা আনমোল শের সিং বেদি এই প্রসঙ্গে কড়া বার্তা দেন। তিনি জানান, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।

ভারতের যে সমস্ত ভূখণ্ড পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে, তা অবিলম্বে খালি করারও আহ্বান জানান তিনি। বেদি স্পষ্ট করেন, ভারত সর্বদাই শান্তির পক্ষে এবং সংঘাত চায় না। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা মূলত আত্মরক্ষার উদ্দেশ্যে তৈরি এবং তা নির্দিষ্ট কোনও রাষ্ট্রের বিরুদ্ধে নয়। তিনি আরও বলেন, প্রথাগত যুদ্ধ এড়াতে পরমাণু শক্তির ভয় দেখানো হলে তা আদতে সংঘাতের ঝুঁকিই বৃদ্ধি করে।

এর আগে সেপ্টেম্বরের শেষের দিকে রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্তব্যের কড়া পালটা জবাব দিয়েছিল ভারত। ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি পেটাল গেহলট তখন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, জঙ্গিদের লুকিয়ে থাকার কোনও জায়গা থাকবে না এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত নিজেদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে। পাকিস্তানকে তাদের জঙ্গি মদতপুষ্ট আচরণের জন্য কড়া পরিণাম ভোগ করতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, ৯/১১ হামলার মূল চক্রী যে পাক সেনার নাকের ডগাতেই লুকিয়ে ছিল, সে কথাও মনে করিয়ে দিয়েছিল ভারত।