পুবের কলম ওয়েবডেস্ক, খুনের মামলায় অভিযুক্ত সাসপেন্ডেড বিডিও প্রশান্ত বর্মনের আবেদনের শুনানি ঘিরে সুপ্রিম কোর্টে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একই ধরনের মামলায় আগের শুনানিতে যুক্ত এক বিচারপতি বর্তমানে শীর্ষ আদালতের অন্য বেঞ্চে থাকলেও এবার মামলাটি অন্য বেঞ্চে ওঠার কথা। এই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একাংশ।

গত মঙ্গলবার কলকাতা হাই কোর্ট প্রশান্তকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সময়সীমা শেষ হওয়ার আগেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি।

আদালতের কজলিস্ট অনুযায়ী, আগামী মঙ্গলবার বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা।

এর আগে গত ১৯ জানুয়ারি প্রশান্তের একই ধরনের আবেদনের শুনানি হয়েছিল বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চে। রাজেশ বিন্দল অবসর নিয়েছেন। বর্তমানে বিচারপতি বিষ্ণোই রয়েছেন বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে। ফলে আগের শুনানিতে যুক্ত বিচারপতিকে বাদ দিয়ে অন্য বেঞ্চে মামলা কেন, তা নিয়ে আইনজীবীদের মধ্যে প্রশ্ন উঠেছে।

বর্ষীয়ান আইনজীবী মিলন মুখোপাধ্যায়ের বক্তব্য, একই ধরনের মামলায় আগের বেঞ্চের কোনও বিচারপতি বর্তমানে অন্য বেঞ্চে থাকলে সেই বেঞ্চেই শুনানি হওয়া উচিত।

তবে আইনজীবীদের একাংশের মতে, আগের আবেদনে সুপ্রিম কোর্ট প্রশান্তকে আগাম জামিন দেয়নি। এবারও তাঁর আত্মসমর্পণ সংক্রান্ত প্রশ্নে শুনানি হবে। মঙ্গলবারের শুনানিতে মামলার মূল বিষয়টির পাশাপাশি বেঞ্চ নির্ধারণ নিয়েও আলোচনা হতে পারে। প্রশান্তের হয়ে সওয়াল করার কথা সিনিয়র আইনজীবী মুকুল রোহতগির।