দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন। শনিবার যন্তরমন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের আগে ও চলাকালীন বিক্ষোভকারী, আন্দোলনের নেতা, আইনজীবী ও সাংবাদিকদের গণ-আটক করা হয়েছে বলে অভিযোগ। আটক ব্যক্তিদের অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রাষ্ট্রসংঘ।
রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র থামিন আল-খিতান এক বিবৃতিতে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আন্দোলনকারীদের উদ্বেগের বিষয়গুলি নিয়ে কর্তৃপক্ষকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে সংস্থাটি।