দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে গণ-আটকের ঘটনায় রাষ্ট্রপুঞ্জের উদ্বেগের কড়া জবাব দিল ভারত সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের মন্তব্যকে ‘অবান্তর হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রান্তে বিক্ষোভের ঘটনাগুলির দিকেও সমান নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের বক্তব্য, দিল্লির ঘটনা নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে অবাঞ্ছিত হস্তক্ষেপ। বিবৃতিতে বলা হয়েছে,"দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি।

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সকলকে দিয়েছে। এখানে বিচারব্যবস্থা স্বাধীন, সংবাদমাধ্যমও স্বাধীন। অন্য যে কোনও গণতন্ত্রের মতোই ভারতের নাগরিকেরা শৃঙ্খলার স্বার্থে যুক্তিসঙ্গত কিছু বিধিনিষেধের সাপেক্ষে তাঁদের এই অধিকার প্রয়োগ করে থাকেন। কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাজ করেন। যে কোনও অভিযোগের জন্য আমাদের আদালত সকলের কাছে উন্মুক্ত।"