ওয়াহিদ রেজা, লালগোলা: লালগোলা ব্লক সাংসদ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান। মানুষের পাশে থাকার অঙ্গীকারকে সামনে রেখে এ দিন কার্যালয় প্রাঙ্গণে একটি জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনজন বিশেষভাবে সক্ষম অসহায় মানুষের হাতে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল তুলে দেন সাংসদ।

 

পাশাপাশি, মানিকচক অঞ্চলের ক্যান্সার আক্রান্ত রোগী পিয়ারুল শেখের চিকিৎসার জন্য তাঁর হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার বহু দুঃস্থ ও প্রান্তিক পরিবারের হাতে নতুন বস্ত্র এবং ত্রিপল বিতরণ করেন সাংসদ খলিলুর রহমান। সাংসদ জানান, জনসেবাই তাঁদের মূল লক্ষ্য এবং সাধারণ মানুষের প্রতিটি প্রয়োজনে এভাবেই পাশে থাকবে এই কার্যালয়।