পুবের কলম ওয়েব ডেস্ক: নেপালে ফের বড়সড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটল। রবিবার সকালে নেপালের গোরখা অঞ্চলে বুড়ি গণ্ডকী নদীতে আচমকা হড়পা বান নামে। পাহাড়ি এলাকা থেকে পাথর ও কাদার কালো জলস্রোত তীব্র গতিতে নেমে এসে নদীর তীরবর্তী একাধিক বাড়িঘর ও সেতু ভাসিয়ে নিয়ে গেছে। জলস্তর আচমকা বাড়তে দেখে নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঁচু জায়গায় আশ্রয় নেন।

তবে এই দুর্যোগের সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়, কারণ নেপালের অধিকাংশ এলাকায় এদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস বা খবর ছিল না।
পরিস্থিতি বেগতিক দেখে রবিবার সকালেই নেপালের জাতীয় বিপর্যয় ঝুঁকি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্লাবিত এলাকাগুলিতে সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। নদী সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৬ আগস্ট মধ্য নেপালে ত্রিশূলী ও ভোটকোসি নদীর বিধ্বংসী হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৫৫ এবং নিখোঁজ রয়েছেন ৫,২৮৫ জন। তিব্বত অঞ্চলেও মৃত্যু হয়েছিল শতাধিক মানুষের। সেই ঘটনায় এখনও ১৮৯ জন ভারতীয় এবং ৩৬টি দেশের ৬০৬ জন বিদেশি পর্যটকের খোঁজ মেলেনি। অতীতের সেই ভয়াবহ স্মৃতি ও ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই ফের নেপালের নদীতে এই হড়পা বানের ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।