পুবের কলম ওয়েব ডেস্ক: মণিপুরে নতুন করে ছড়িয়ে পড়া হিংসায় গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রাজ্যের এই উদ্বেগজনক পরিস্থিতিতে শান্তি ফেরানোর উদ্দেশ্যে মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে একটি প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এক মহিলাকে গুলি করে খুনের অভিযোগ ওঠে।

এর পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে একাধিক গোষ্ঠী। হিংসা নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের তরফে চাসাদ পুলিশ গেট জংশনের ৪০০ মিটার ব্যাসার্ধ এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬২ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরেই মণিপুরে নতুন করে অশান্তির খবর সামনে আসছে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুটি পৃথক হামলায় চার কুকি-জো সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছিল। উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে শুরু হওয়া মেইতেই ও কুকি সংঘাতে ২৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। সেই সংঘাতের জেরে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন এবং ওয়াই খেমচাঁদ সিং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আগামী পাঁচ মাস পর রাজ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু নতুন করে যেভাবে রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ছে, তাতে সময়মতো নির্বাচন সম্পন্ন হওয়া নিয়ে রাজনৈতিক মহলে সংশয় তৈরি হয়েছে।