পুবের কলম ওয়েব ডেস্ক: দেশের প্রথম সারির আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল এবার দেশের বিচারব্যবস্থা নিয়ে প্রকাশ্যেই হতাশা ব্যক্ত করলেন। শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ দমনে দিল্লি পুলিশের নজিরবিহীন পদক্ষেপের প্রতিবাদে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই দেশের শীর্ষ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিব্বল জানান, বারবার সুপ্রিম কোর্টে গিয়ে তিনি ক্লান্ত এবং এর ফলে আদৌ কোনও লাভ হবে কি না, তা নিয়ে তাঁর ঘোর সন্দেহ রয়েছে।
দিল্লিতে সিজেপি নেতাদের দমনের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে বর্ষীয়ান এই আইনজীবী বলেন, কেউ যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে চান, তবে তাতে কার কী সমস্যা থাকতে পারে? এই পরিস্থিতিতে তিনি শীর্ষ আদালতের হস্তক্ষেপ চাইবেন কি না, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সিব্বল স্পষ্টতই নিজের হতাশার কথা তুলে ধরেন।
তবে পরক্ষণেই সিব্বল পরিস্থিতি সামলে নিয়ে সাফাই দিয়ে বলেন যে, এটি সম্পূর্ণ তাঁর নিজস্ব মতামত। তিনি সরাসরি প্রধান বিচারপতিকে নিশানা করছেন কি না বা তাঁর ভূমিকায় অখুশি কি না, এই প্রশ্নের জবাবে প্রাক্তন কংগ্রেস নেতা জানান, বিষয়টি তাঁর ব্যক্তিগত সন্তোষ বা অসন্তোষের নয়। তাঁরা আইনজীবী এবং তাঁদের মূল লড়াইটা সবসময় সাধারণ মানুষের অধিকারের জন্যই।