পুবের কলম, ওয়েবডেস্ক: ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে চলা ব্যাপক পুলিশি ধরপাকড়ের শিকার হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সমাজকর্মী জঁ দ্রেজ। শনিবার যন্তর মন্তরের কাছাকাছি কেরালা হাউসের সামনে পোস্টার হাতে প্রতিবাদে শামিল হওয়ার অপরাধে জঁ দ্রেজসহ বেশ কয়েকজন গবেষক, শিল্পী ও সাধারণ মানুষকে জোর করে আটক করে পুলিশ। পরে তাঁদের আদর্শ নগর থানায় নিয়ে যাওয়া হয়।

ঝাড়খণ্ড নিবাসী অর্থনীতিবিদ জঁ দ্রেজ ছাড়াও আটক হওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা অবান রাজা, জেএনইউ-এর গবেষক ও প্রাবন্ধিক পরান অমিতাভ এবং গবেষক ও শিল্পী অঞ্জলি এস।

আদর্শ নগর থানা থেকে টেলিফোনে সংবাদমাধ্যমকে জঁ দ্রেজ জানান যে, তাঁরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হাতে পোস্টার নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন।

বিক্ষোভস্থলে যাওয়ার রাস্তাগুলি আগে থেকেই অবরুদ্ধ থাকায় অনেকে পৌঁছাতে পারেননি। তাই তাঁরা কেরালা হাউসের সামনে উপস্থিত হয়ে নিজেদের উপস্থিতি জাহির করার চেষ্টা করছিলেন।

জঁ দ্রেজের অভিযোগ, কোনো রকম পূর্ব সতর্কবার্তা বা কারণ না দর্শিয়েই পুলিশ তাঁদের জোর করে বাসে তুলে নেয়। জীবনে এমন পুলিশি দমনপীড়ন তিনি কখনও দেখেননি বলে মন্তব্য করেন। প্রতিবাদ দমাতে যাতায়াতে যে নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তারও তীব্র সমালোচনা করেন তিনি।

ঝাড়খণ্ড থেকে দুই দিন আগে রওনা দিয়ে তিনি শুক্রবার সকালে দিল্লিতে পৌঁছান। কিন্তু এর পরেই বহু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় বহু মানুষ প্রতিবাদ মিছিলে যোগ দিতে রাজধানীতে পৌঁছাতে পারেননি।

জঁ দ্রেজ অভিযোগ করেছেন, কেবল প্রতিবাদকারীরাই নন, বিক্ষোভের সঙ্গে দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই এমন প্রায় ৩০ থেকে ৩৫ জন সাধারণ মানুষকেও পুলিশ তুলে নিয়ে গেছে। এঁদের সিংহভাগই সংখ্যালঘু এবং শ্রমজীবী সম্প্রদায়ের মানুষ। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয়েছে বলে অভিযোগ।