পুবের কলম ওয়েব ডেস্ক: পুজোর পরেই কলকাতা পুরনিগম নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগেই প্রস্তাবিত ২০৯টি ওয়ার্ডের জন্য প্রার্থী বাছাইয়ের কাজে অভিনব পদক্ষেপ গ্রহণ করল রাজ্য বিজেপি। প্রার্থী হওয়ার আগ্রহীদের জন্য এবার ড্রপ বক্সের ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয়ে এই ড্রপ বক্স রাখা থাকবে। কার্যালয় খোলা থাকাকালীন আগ্রহীরা সেখানে গিয়ে সরাসরি নিজেদের বায়োডাটা বা জীবনপঞ্জি জমা দিতে পারবেন।
রবিবার কলকাতা পুরনিগম নির্বাচন নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি জানান, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ কলকাতা গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে পুরনিগমে কোনও প্রোমোটাররাজ বা ডেভেলপাররাজ থাকবে না। এই কাজে সমাজের প্রতিষ্ঠিত ও কৃতী ব্যক্তিত্বদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সমাজসেবী এবং যুবসমাজ ও সাংবাদিকদের বিজেপির প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করেছেন সুকান্ত। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছ ভাবমূর্তি এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। যাঁদের জেতার ক্ষমতা রয়েছে, দল তাঁদেরই টিকিট দেবে।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার আরও বলেন, গত ৪৯ বছর ধরে মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত। স্পিড ব্রেকার সরে গেলেই কাজে গতি আসবে। নতুন কলকাতা গড়তে বিজেপি বদ্ধপরিকর এবং তাদের আশা, আগামী নির্বাচনে কলকাতার মানুষ বিজেপিকেই সমর্থন করবে। শুভ কাজ শুরুর জন্য দেবীপক্ষকেই এই ড্রপ বক্স উদ্বোধনের আদর্শ সময় হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।