পুবের কলম ওয়েবডেস্ক, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবিতে সোমবার কেরল বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারের কাছে এই দাবি জানানো হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার দাবিও উঠবে।

বিধানসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, মুখ্যমন্ত্রী ভিডি সতীশন প্রস্তাবটি পেশ করবেন।

এর ফলে দেশের প্রথম বিধানসভা হিসেবে মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে প্রস্তাব আনতে চলেছে কেরল। রাজ্যের ১৪০ আসনের বিধানসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের ১০২ জন, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের ৩৫ জন এবং বিজেপির তিন জন বিধায়ক রয়েছেন। জাতীয় স্তরে জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেস ও সিপিএম—দুই দলই আন্দোলনে শামিল। ফলে বিধানসভায় প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, এসআইআরের নামে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক, প্রান্তিক জনগোষ্ঠী ও তরুণদের ভোটাধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক নীতির পরিপন্থী। নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারে মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।


এছাড়া নির্বাচন কমিশনার নিয়োগের কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখার দাবিও জানানো হবে। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে কেরল বিধানসভায় দেশজুড়ে এসআইআর চালুর বিরোধিতা করে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছিল।