পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে এবার প্রকাশ্যে সমর্থন জানালেন বাংলাদেশের বিতর্কিত ছাত্রনেতা নাহিদ ইসলাম। বছর দুয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে তাঁর নাম জড়িয়েছিল। পাশাপাশি শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ দখল করার মতো একাধিক ভারত-বিরোধী মন্তব্য করেও তিনি বিতর্কে জড়িয়েছিলেন। এবার ভারতের বুকে চলা ছাত্র আন্দোলনকে তিনি সমর্থন জানানোয় সিজেপি-র পিছনে বিদেশি শক্তির মদত থাকার জল্পনা আরও জোরাল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত শনিবার, ১০ অক্টোবর দিল্লিতে পথে নামে সিজেপি। কড়া পুলিশি নিরাপত্তা এবং একাধিক শীর্ষ নেতাকে আটকের পরেও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিক্ষোভকারীরা তাঁদের আন্দোলন চালিয়ে যান। এই পরিস্থিতির মাঝেই শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ভারতীয় আন্দোলনকারীদের সমর্থন জানান নাহিদ। তিনি লেখেন, স্বচ্ছ নির্বাচন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে ভারতের যুব ও গণতান্ত্রিক শক্তির পাশে রয়েছেন তাঁরা।
ব্যারিকেড বা নিষেধাজ্ঞা দিয়ে এই আন্দোলনকে দমানো যাবে না বলে মন্তব্য করার পাশাপাশি, আটক সমস্ত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবিও তোলেন এই বাংলাদেশি নেতা।আরও পড়ুন:
নাহিদের এই বার্তার পরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নিজের দেশে অশান্তি সৃষ্টির পর এবার ভারতের বুকেও গোলমাল বাঁধানোর ছক কষছেন এই ছাত্রনেতা। অন্যদিকে, সিজেপি-র এই আন্দোলনের নেপথ্যে বিদেশি শক্তির হাত রয়েছে বলে যে অভিযোগ বারবার উঠছিল, নাহিদের মন্তব্যের পর তার সত্যতা আরও স্পষ্ট হল বলেই মনে করছেন অনেকে।