পুবের কলম ওয়েবডেস্ক, কংগ্রেসের বৈঠকের আর্জি খারিজ করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। এর পরেও ভোট চুরি, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বন্ধ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দিকে মিছিলের ডাক দিয়েছে বিরোধীরা।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানিয়েছেন, সোমবার দুপুর সাড়ে ১টায় দিল্লির কনট প্লেস-বারাখাম্বা রোডের সংযোগস্থল থেকে মিছিল শুরু হবে। গণতন্ত্র ও সংবিধান রক্ষার দাবিতে ছাত্রছাত্রী, নাগরিক সমাজ এবং সমস্ত বিরোধী দলকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিরোধীদের।

কংগ্রেসের আর্জির জবাবে প্রধান বিচারপতি জানিয়েছেন, এসআইআর এবং মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে অভিযোগগুলি ইতিমধ্যেই আদালতের বিচারাধীন। প্রশাসনিক স্তরে এ ধরনের অভিযোগের বিষয়ে পদক্ষেপ করার ক্ষমতা আদালতের নেই। তবে এ নিয়ে আবেদন জমা পড়লে মঙ্গলবার শুনানি হতে পারে বলে জানিয়েছেন তিনি।


ভোটার তালিকার স্বচ্ছতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের উদ্বেগের কথা শোনার জন্য প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক কেন সম্ভব হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অভিযোগ, দেশে অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিরোধীদের দাবি, ভোটার তালিকা সংশোধন নিয়ে ওঠা প্রশ্নের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।