পুবের কলম ওয়েব ডেস্ক:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে নামতে চলেছে বিরোধী জোট 'ইন্ডিয়া'। গত সপ্তাহে টানা তিন দিনের প্রতিবাদের পর সোমবার আরও বড় আকারের কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করবেন বিরোধী নেতৃত্ব। এরপর শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা রয়েছে তাঁদের। পাশাপাশি জানা গিয়েছে, বিরোধী জোটের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এদিন বিকেল ৪টেয় সময় দিয়েছেন প্রধানমন্ত্রী।


সোমবারের এই প্রতিবাদ কর্মসূচিতে আগের চেয়ে অনেক বেশি জনসমাগমের সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহের আন্দোলনে যে সমস্ত নেতারা উপস্থিত থাকতে পারেননি, তাঁরাও এই মিছিলে যোগ দেবেন। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম অখিলেশ যাদব। এছাড়া, এই প্রতিনিধি দলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোমবারের কর্মসূচিতে যোগ দিতে দিল্লিতে যেতে পারেন বলে সূত্রের খবর।

এর আগে গত সপ্তাহে নির্বাচন কমিশনের বিরুদ্ধে টানা তিন দিন রাজপথে প্রতিবাদ জানিয়েছিল ইন্ডিয়া জোট। মঙ্গলবার সংসদের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়। এরপর বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা মধ্যাহ্নভোজনের পর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা যন্তর মন্তরে যান। সেখানে প্রিয়াঙ্কা গান্ধী-সহ অন্যান্য মহিলা সাংসদরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার তাঁরা রাজঘাটে পৌঁছন এবং শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন।
এদিকে, বিরোধীদের এই মেগা আন্দোলনকে কেন্দ্র করে গোটা দিল্লি কার্যত নিরাপত্তার ঘেরাটোপে দুর্গে পরিণত হয়েছে। যান চলাচলে কড়াকড়ি করার পাশাপাশি মেট্রো পরিষেবাও বেশ কিছু সময়ের জন্য বন্ধ রাখা হচ্ছে।