পুবের কলম ওয়েব ডেস্ক: নির্বাচনী প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে সুপ্রিম কোর্ট অভিযান ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করেছিল বিরোধী ইন্ডি জোট। তবে সেই কর্মসূচির আগেই বিরোধীদের আর্জি খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাহুল গান্ধী-সহ বিরোধী নেতৃত্বকে সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি বিচারব্যবস্থার মর্যাদা রক্ষায় এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সাফ জানিয়ে দিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালতকে কোনওভাবেই রাজনৈতিক বিষয়ের মধ্যে জড়ানো উচিত নয়।

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোমবার ইন্ডিয়া গেট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রা এবং পরবর্তী সময়ে প্রধান বিচারপতির হাতে স্মারকলিপি তুলে দেওয়ার কথা ছিল বিরোধী প্রতিনিধিদের।

কিন্তু শীর্ষ আদালত এই রাজনৈতিক চাপানউতোরের অংশ হতে সরাসরি অস্বীকার করেছে। প্রধান বিচারপতির এই কড়া মনোভাব এবং সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্ত বিরোধীদের সুপ্রিম কোর্ট অভিযানের কৌশলে বড়সড় ধাক্কা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, বিরোধীদের এই সুপ্রিম কোর্ট পদযাত্রাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা দিল্লি। শীর্ষ আদালত সংলগ্ন এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ বাহিনী। তবে প্রধান বিচারপতি সাক্ষাৎ নাকচ করে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, রাজনৈতিক স্বার্থে বিচার বিভাগের পরিসরকে ব্যবহার করার কোনও সুযোগ শীর্ষ আদালত দেবে না।