সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে দেশটিতে ভ্রমণকারী নাগরিকদের চরম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার খবর সামনে আসার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে।

সোমবার মার্কিন দপ্তর তাদের সরকারি এক্স হ্যান্ডেলে জানায়, সৌদি আরবের ওই দুই আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত হামলার বিষয়ে তারা অবগত রয়েছে।

মার্কিন সরকারের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের রিয়াদ, জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে বিশেষ অনুমতি নিতে হবে। পাশাপাশি, দেশটির প্রধান বিমানবন্দরগুলিতে যাতায়াতের সময় মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণসূচিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে সৌদি আরবে যাতায়াতের ক্ষেত্রে নাগরিকদের সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন প্রশাসন।