পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকায় ‘ভোট চুরি’ ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে দেশজুড়ে চলছে তীব্র বিক্ষোভ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছিল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। তবে মামলাটি বিচারাধীন থাকায় এবং প্রশাসনিক পথের পরিবর্তে আইনি প্রক্রিয়ায় পিটিশন দাখিলের পরামর্শ দিয়ে বিরোধীদের সেই সাক্ষাতের আর্জি সরাসরি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
আরও পড়ুন:
সোমবার জাতীয় মানবাধিকার কমিশন-এর ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে জানান, সুপ্রিম কোর্টের দরজা সকলের জন্যই খোলা রয়েছে।
আরও পড়ুন:
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারা রবিবার একটি চিঠি পাঠিয়ে সোমবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার সময় চেয়েছিলেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া স্থগিত করা এবং ব্যালট পেপারে ফিরে যাওয়ার দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়ার কথা ছিল তাঁদের।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি জানায়, একটি চিঠির মাধ্যমে গতকাল রাতেই বিরোধী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে যে কেন এই মুহূর্তে সরাসরি সাক্ষাৎ করা সম্ভব নয়। প্রধান বিচারপতি বলেন, "সুপ্রিম কোর্টের দরজা সবার জন্য খোলা।
যেকোনো সাধারণ নাগরিক বা নির্বাচিত প্রতিনিধির পিটিশন এখানে সাদরে আমন্ত্রিত। আইনের শাসন অনুযায়ী আমরা সমস্ত অভিযোগ শুনব।"আরও পড়ুন:
প্রধান বিচারপতির সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ না মিললেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিরোধীদের ‘চলো দিল্লি - গণতন্ত্রের জন্য পদযাত্রা’ কর্মসূচি যথারীতি অনুষ্ঠিত হচ্ছে। এক্স-এ এক পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশবাসীকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "গতকালের শান্তিপূর্ণ প্রতিবাদে দেশের যুবসমাজকে যেভাবে পুলিশ ও গুন্ডাদের দ্বারা মারধরের শিকার হতে হয়েছে, তা কাঙ্ক্ষিত ভারত নয়। আজ আমরা দল, বর্ণ, সম্প্রদায় ও রাজ্যের গণ্ডি পেরিয়ে স্রেফ ভারতীয় হিসেবে সুপ্রিম কোর্টের দিকে মার্চ করব।"