পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারের অন্দরে বড়সড় ফাটল ধরার দাবি করে এক চাঞ্চল্যকর মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোমবার এক সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী দাবি করেন যে, বর্তমান সরকারের খোদ প্রশাসনের ভেতর থেকেই প্রায় ২০০ জন উচ্চপদস্থ আধিকারিক গোপনে বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাহুলের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল ফেলে দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যতদিন না দেশের সংবিধান সম্পূর্ণ সুরক্ষিত হচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারের পদ ও দায়িত্বের বিষয়টি মীমাংসা হচ্ছে এবং ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা সংশোধন করা হচ্ছে, ততদিন দেশের যুবসমাজ ও বিরোধী দলগুলি আন্দোলন থামাবে না।

রাহুল গান্ধীর বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে রাহুল বলেন, মোদীজি, আপনার সরকারের অন্দরের প্রায় ২০০ জন আধিকারিক এই মুহূর্তে বিরোধীদের সংস্পর্শে রয়েছেন। যতক্ষণ না দেশের গণতান্ত্রিক কাঠামো ও নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি ঠিক হচ্ছে, সরকারের বিরুদ্ধে এই লড়াই চলবে বলে হুশিয়ারি দেন তিনি। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, সরকার যতই দমনপীড়ন চালাক না কেন, বিরোধীরা তাদের অবস্থানে অনড় থাকবে এবং এক ইঞ্চিও জমি ছাড়বে না।