পুবের কলম ওয়েব ডেস্ক: উন্নয়ন ও প্রশাসনিক কাজে আরও গতি আনতে পুজোর মুখেই রাজ্যে বড়সড় রদবদল করল নবান্ন। সোমবার রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে চারজন শীর্ষ আইএএস আধিকারিকের দায়িত্ব বদল করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের মাত্র পাঁচ মাসের মাথায় এই প্রশাসনিক রদবদলকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
নবান্নের জারি করা ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের কৃষি দপ্তরের সচিব পদে থাকা ওঙ্কার সিং মীনাকে প্রাণী সম্পদ দপ্তরের সচিব হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। সুন্দরবন বিষয়ক দপ্তরের সচিব মুক্তা আর্যকে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।

তাঁর জায়গায় সুন্দরবন বিষয়ক দপ্তরের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন শশাঙ্ক শেঠি। এতদিন তিনি নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন।
পাশাপাশি, আদিবাসী উন্নয়ন দপ্তরের নতুন সচিব পদে আনা হয়েছে অরবিন্দ কুমার মিনাকে। এর আগে তিনি এমএ অ্যান্ড এমই দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। সোমবারের বিজ্ঞপ্তিতে এই চার আধিকারিককেই দ্রুত নতুন দায়িত্বভার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কাজে স্বচ্ছতা ও দ্রুততা আনতেই নবান্নের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।