পুবের কলম ওয়েব ডেস্ক: গত ১০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচি পুলিশের কড়াকড়িতে ভেস্তে যাওয়ার পর ফের পথে নামার প্রস্তুতি নিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের অনুমতি চেয়ে সোমবার দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সিজেপি নেতৃত্ব। যদিও পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, যন্তর মন্তর আর প্রতিবাদের মঞ্চ হতে পারবে না। পুলিশের এই বার্তার পরেই ককরোচ নেতা অভিজিৎ দীপক হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এবার গোটা দেশই যন্তর মন্তরে পরিণত হবে।


সোমবার সিজেপি-র দুই কো-কনভেনর আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশের কাছে যন্তর মন্তরে প্রতিবাদের জন্য একটি নির্দিষ্ট দিন বরাদ্দ করার অনুরোধ জানান। তাঁরা স্পষ্ট করে দেন, পুলিশ এই দাবি না মানলে আগামী ২৪ ঘণ্টা পর তাঁরা নতুন পদক্ষেপ করবেন। এর জন্যই ১০ অক্টোবরের কর্মসূচিতে যোগ দিতে আসা দলীয় নেতা-কর্মীদের আপাতত দিল্লি না ছাড়ার নির্দেশ দিয়েছে সিজেপি নেতৃত্ব। এই আলটিমেটামের পরই দিল্লি পুলিশ জানিয়ে দেয়, যন্তর মন্তরের পরিবর্তে এখন থেকে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং সিবিডি ময়দানকে প্রতিবাদের বিকল্প স্থান হিসেবে ব্যবহার করা যেতে পারে।
তবে সেখানে ককরোচদের জমায়েতের অনুমতি মিলবে কি না, তা নিয়ে পুলিশ কিছু স্পষ্ট করেনি।
ইতিমধ্যেই যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি বন্ধ রাখা এবং বিক্ষোভকারীদের জন্য আগে থেকে বিকল্প স্থান নির্ধারণ না করার অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি, আন্দোলনকারীদের ওপর দুষ্কৃতীদের নির্যাতনের অভিযোগ তুলে কংগ্রেসের ছাত্র সংগঠনের দায়ের করা আরও একটি মামলার শুনানিও এদিন আদালতে অনুষ্ঠিত হবে।