পুবের কলম ওয়েব ডেস্ক: এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং ভোটার তালিকা থেকে বেআইনিভাবে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ধারাবাহিক প্রতিবাদের মাঝেই সোমবার শীর্ষ আদালতে এই আইনি পদক্ষেপ করলেন তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত আরও কয়েকটি মামলার শুনানির কথা রয়েছে। সূত্রের খবর, রাহুলের দায়ের করা নতুন এই মামলাটিও মঙ্গলবারই ওই মামলাগুলির সঙ্গে শীর্ষ আদালতে শুনানির জন্য উঠতে পারে।
এর আগে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে-সহ বিরোধী নেতৃত্ব।

কিন্তু চিঠি দিয়ে সেই অনুরোধ ফিরিয়ে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। চিঠিতে তিনি স্পষ্ট জানান, বিরোধীরা যে বিষয়ে আলোচনা করতে চাইছেন তা ইতিমধ্যেই শীর্ষ আদালতে বিচারাধীন, তাই এই নিয়ে আদালতের বাইরে কোনও আলোচনা করা সম্ভব নয়। তবে সোমবার আনুষ্ঠানিক ভাবে আবেদন বা মামলা দায়ের করা হলে, পরবর্তী শুনানির দিন তা গ্রহণ করা হতে পারে বলে প্রধান বিচারপতি পরামর্শ দিয়েছিলেন।
সেই পরামর্শ মেনেই সোমবার শীর্ষ আদালতে পিটিশন দাখিল করে কংগ্রেসের আইনি উপদেষ্টা দল। এদিকে, সাক্ষাতের আর্জি খারিজের বিষয়ে এদিন প্রধান বিচারপতি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, সাধারণ নাগরিক থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি— সকলের জন্যই সুপ্রিম কোর্টের দরজা সবসময় খোলা রয়েছে। যে কোনও ব্যক্তি তাঁদের আবেদন নিয়ে আদালতে আসতে পারেন এবং আইন অনুযায়ী সকলের অধিকার সুনিশ্চিত করতে শীর্ষ আদালত বদ্ধপরিকর।