দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিল সংযুক্ত কিষান মোর্চা। দীর্ঘমেয়াদি আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে সর্বভারতীয় কৃষক সংগঠনগুলিকে আহ্বান জানিয়েছে তারা। কৃষি সংক্রান্ত বিভিন্ন দাবির পাশাপাশি আন্দোলনের কর্মসূচিতে যুক্ত হতে চলেছে এসআইআর ইস্যুও।

সোমবার স্পষ্টভাবে এই অবস্থান জানিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলির যৌথ মঞ্চ।

আগামী দিনে কেন্দ্রবিরোধী আন্দোলনের রূপরেখা তৈরি করতে সোমবার হরিয়ানার কারনালে জরুরি বৈঠকে বসেছিল সংযুক্ত কিষান মোর্চা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনে ভোট চুরির অভিযোগের প্রতিবাদে আগামী ২৩ অক্টোবর দেশজুড়ে আন্দোলন কর্মসূচি পালন করা হবে। এরপর কৃষকদের বিভিন্ন দাবি এবং অন্যান্য ইস্যুতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।