লেবানন সীমান্তের কাছে উত্তর ইসরায়েলে বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত আটজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, আগে থেকে পড়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ঘটনার জেরে অধিকৃত পশ্চিম তীরে নির্ধারিত সফর বাতিল করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরও তাঁর নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বলে জানা গিয়েছে।

সোমবার সকালে মানারা ও ইফতাহ বসতির মধ্যবর্তী এলাকায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, নে’ওত মর্দেখাই সম্প্রদায়ের বসতির কাছাকাছি এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসরায়েলের জাতীয় জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) অ্যাম্বুল্যান্স। সংস্থার চিকিৎসাকর্মীরা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের পাশাপাশি বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিস্ফোরণের পর কিরিয়াত শমোনা জেলার পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেয়। বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দলের বিশেষজ্ঞরা কাজ করছেন।

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গিয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি।

তাঁর বক্তব্য অনুযায়ী, এই ঘটনা ইসরায়েলের উত্তরাঞ্চলে, বিশেষ করে লেবানন সীমান্তবর্তী এলাকায় চলতে থাকা সামরিক তৎপরতার বিষয়টি আবারও সামনে এনেছে। গত কয়েক বছরে ওই অঞ্চলে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহার করা হয়েছে। ফলে অবিস্ফোরিত গোলাবারুদ থেকে এমন বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে সেনাসদস্য ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। অন্যদিকে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে উত্তর ইসরায়েলের বহু বাসিন্দা এখনও নিজেদের এলাকায় ফিরে যাননি। তাঁদের একাংশের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সক্ষমতা নিয়েও উদ্বেগ রয়েছে।