পুবের কলম, তিরুবনন্তপুরম: ভোটার তালিকার বিতর্কিত ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলা আন্দোলনের মধ্যে নজিরবিহীন পদক্ষেপ নিল কেরল সরকার। সোমবার রাজ্যের বিধানসভায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে পেশ করা সরকারি প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। ভারতের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্য বিধানসভা দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে সরানোর দাবিতে এমন প্রস্তাব পাশ করল।
আরও পড়ুন:
কেরলের মুখ্যমন্ত্রী ভি ডি সতীসান এই ঐতিহাসিক প্রস্তাবটি বিধানসভায় উত্থাপন করেন। প্রস্তাবটিতে সংশোধিত ভোটার তালিকা তৈরির নামে প্রকৃত ভোটারদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়ার অভিযোগ তুলে কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।
বিধানসভায় পাশ হওয়া এই প্রস্তাবে কেবল মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণই নয়, বরং সমগ্র এসআইআর প্রক্রিয়ার অনিয়ম নিয়ে নিরপেক্ষ তদন্ত এবং বেআইনিভাবে বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারের ভোটাধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।আরও পড়ুন:
পাশাপাশি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বায়ত্তশাসন রক্ষায় নির্বাচন কমিশনারদের নিয়োগকারী কমিটি পুনর্গঠনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনার নির্বাচনের কমিটিতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করতে হবে। গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন কমিশনের ওপর জনআস্থা ফিরিয়ে আনতে সিইসি জ্ঞানেশ কুমারকে অবিলম্বে অপসারিত করতে হবে। এসআইআর প্রক্রিয়ায় কারচুপির মাধ্যমে বাদ পড়া যোগ্য নাগরিকদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।