পুবের কলম, নয়াদিল্লি: দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা বিক্ষোভে তরুণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা। গলায় গেরুয়া শাল ও হাতে লাঠি নিয়ে কিছু ব্যক্তিকে যন্তর মন্তরের দিকে যাওয়া ছাত্র-ছাত্রী ওপর চড়াও হয়ে হামলা চালাতে দেখা যায়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কমলা মার্কেট থানা এলাকার ডিডিইউ মার্গে সংঘটিত এই হিংসার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা এবং হামলাকারীদের আড়াল করার অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা।
আরও পড়ুন:
তবে এই ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত স্বতঃপ্রণোদিত হয়ে চার জন হিন্দুত্ববাদীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
ধৃতরা হল- রমণ সাইনি (৫০), বিবেকানন্দ ওরফে বিবেক (৩২), কপিল কুমার (২৭) ও রবীন্দ্র সিং ওরফে গোবিন্দ হিন্দু (৩৫)। দিল্লি পুলিশ জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বাকিদের চিহ্নিত করার কাজ চলছে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১০ অক্টোবর প্রতিবাদের প্রথম দিনে মধ্য দিল্লির ডিডিইউ মার্গের একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, একদল যুবক শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া তরুণ শিক্ষার্থী ও মহিলাদের ওপর প্রকাশ্যে মারধর ও শারীরিক হেনস্থা চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও তাঁদের নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা যায়, যা পুলিশের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে।