উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : ভুয়ো চিকিৎসক কাণ্ডে নতুন মোড়। তিন অভিযুক্ত ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর তাঁদের সূত্র ধরে এবার বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন দুই তৃণমূল কাউন্সিলর এবং বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ এক নেতা। ধৃতদের মধ্যে রয়েছেন বারুইপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায় এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত। ধৃত তৃতীয় ব্যক্তি বিধায়ক বিভাস সর্দারের ঘনিষ্ঠ বলে পরিচিত।

ধৃতেরা সকলেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, এর আগে বারুইপুর থেকে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর এবং আশিস কুমার বড়াল নামে তিন ব্যক্তিকে ভুয়ো চিকিৎসক সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। অভিযোগ, বৈধ চিকিৎসা-সংক্রান্ত ডিগ্রি না থাকা সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করতেন। শুধু তাই নয়, টাকার বিনিময়ে একাধিক চিকিৎসা সংক্রান্ত শংসাপত্র দেওয়ার পাশাপাশি মৃত ব্যক্তিদের নামে মৃত্যুর শংসাপত্র দেওয়ার অভিযোগও উঠেছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশের দাবি, ধৃত তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীদের হাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে তাঁদের যোগাযোগের বিষয়টি উঠে আসে। অভিযোগ, বিভিন্ন সময়ে ওই জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে অভিযুক্ত চিকিৎসকদের কাছে পাঠাতেন। তদন্তে উঠে আসা এই তথ্যের ভিত্তিতেই দুই কাউন্সিলর এবং বিধায়ক-ঘনিষ্ঠ ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই গ্রেফতারির ঘটনায় বারুইপুরের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো চিকিৎসক চক্রের সঙ্গে ধৃত জনপ্রতিনিধিদের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, তাঁরা এই চক্রের কাজে কোনওভাবে সাহায্য করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের তরফে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সম্ভাব্য বিস্তার, আর্থিক লেনদেন এবং চিকিৎসা সংক্রান্ত শংসাপত্র দেওয়ার পিছনে অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।