পুবের কলম ওয়েব ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, বিজ্ঞান ও ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য দেশে আটটি বড় স্কলারশিপের সুযোগ রয়েছে। এই প্রকল্পগুলির অধীনে যোগ্য পড়ুয়ারা বার্ষিক ৩০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন। মূলত মহিলা, রূপান্তরকামী, পিছিয়ে পড়া শ্রেণি এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতেই কর্পোরেট, ট্রাস্ট এবং সরকারি উদ্যোগে এই স্কলারশিপগুলি দেওয়া হচ্ছে। বেশিরভাগ স্কলারশিপে আবেদনের শেষ তারিখ অক্টোবরেই, তাই আগ্রহী পড়ুয়াদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।


আইআইটি বম্বেতে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পড়তে ইচ্ছুক ছাত্রীদের জন্য রয়েছে ‘উইংস স্কলারশিপ’। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতক স্তরে ভরতি হতে চলা ছাত্রীরা এর মাধ্যমে বছরে ২ লক্ষ টাকা পেতে পারেন, আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর। সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস-এর প্রথম বর্ষের ছাত্রীদের জন্য রয়েছে ‘কনসেন্ট্রিক্স স্কলারশিপ’, যেখানে বছরে ৬৫ হাজার টাকা পর্যন্ত মিলতে পারে (আবেদন ৩০ অক্টোবরের মধ্যে)। এছাড়া নির্দিষ্ট কয়েকটি শহরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য ‘ইনফোসেপ্টস স্কলারশিপে’ বছরে ৫০ হাজার টাকা (আবেদন ৩০ অক্টোবর) এবং পাঞ্জাব বোর্ডের পড়ুয়াদের মেডিক্যাল পড়ার জন্য সম্পূর্ণ খরচ বহন করবে ‘সত্য স্কলারশিপ’ (আবেদন ৩১ অক্টোবর)।

বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতক স্তরের মহিলা ও রূপান্তরকামী পড়ুয়াদের জন্য ‘ডিএক্সসি প্রোগ্রেসিং মাইন্ডস স্কলারশিপে’ এককালীন ৫০ হাজার টাকা দেওয়া হবে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রের সরকারি স্কুলের ছাত্রীদের জন্য স্নাতক স্তরে ভরতির ক্ষেত্রে ‘সন্তুর স্কলারশিপে’ মিলবে ৩০ হাজার টাকা। এই দুটিরই আবেদনের শেষ দিন ১৫ অক্টোবর। অন্যদিকে, দেশের শীর্ষ কলেজগুলি থেকে ম্যানেজমেন্ট ও প্রযুক্তি নিয়ে পাঠরত পড়ুয়াদের জন্য ‘বাজাজ ফিনসার্ভ স্কলারশিপে’ বছরে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে (আবেদন ১৫ অক্টোবর)। এছাড়া তফসিলি জাতিভুক্ত যে সমস্ত পড়ুয়া এমফিল বা পিএইচডি করছেন, তাঁরা ‘ন্যাশনাল ফেলোশিপ ফর এসসি স্টুডেন্টস’-এর অধীনে মাসে ৪২ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন, যার আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। পড়ুয়াদের দ্রুত নিজেদের যোগ্যতা যাচাই করে উপযুক্ত নথিপত্র-সহ আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।