উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া, আবাস প্রকল্পে বাড়ির সঠিকভাবে সমীক্ষা না হওয়া,দীর্ঘদিন প্রধানের অনুপস্থিতি,এলাকার উন্নয়নে কাজ না হওয়া-সহ একাধিক অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল জয়নগর থানার বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। সোমবার দুপুরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীদের একাংশ। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।বিক্ষোভকারীদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাচ্ছেন না। অন্যদিকে, আবাস প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য সমীক্ষার কাজও সঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
পাশাপাশি,এলাকায় উন্নয়নমূলক কাজের অভাব এবং সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই সমস্যাগুলির দ্রুত সমাধান করতে হবে এবং সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করতে হবে।দীর্ঘ দিন কেন প্রধান অফিসে আসবে না তা নিয়ে ও এদিন ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।সোমবার দুপুরে এই সমস্ত অভিযোগকে সামনে রেখে পঞ্চায়েত কার্যালয়ে জড়ো হন ক্ষুব্ধ গ্রামবাসীরা। পঞ্চায়েত কর্মীদের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়নগর থানার পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা। পরে বিক্ষোভ তুলে নেওয়া হয়।সূত্রের খবর,এদিনের বিক্ষোভে শাসকদল বিজেপি এবং বিরোধী তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদেরও উপস্থিতি ছিল। ফলে পঞ্চায়েতের পরিষেবা ও উন্নয়ন নিয়ে এই বিক্ষোভ ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে।অন্যদিকে, গোটা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন জয়নগর ১ নম্বর ব্লকের বিডিও শুভদীপ দাস।উল্লেখ্য,এই পঞ্চায়েত বর্তমানে নির্দল ও বিজেপির সদস্য দ্বারা পরিচালিত হচ্ছে।