এসআইআর এবং ‘ভোটচুরি’র অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। আর সেই বিক্ষোভের মঞ্চেই ব্যাটম্যানের মুখোশ পরে নজর কাড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিরোধীদের এই অভিনব প্রতিবাদী কৌশলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের পদক্ষেপকে কটাক্ষ করে বিজেপির দাবি, ব্যাটম্যানের মুখোশ পরে তরুণ প্রজন্মের নজর কাড়ার চেষ্টা করলেও বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য আড়াল করা যাবে না।
আরও পড়ুন:
বুধবার দিল্লির কেন্দ্রস্থলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মিছিল চলাকালীন কয়েক জন তরুণকে ব্যাটম্যানের মুখোশ পরে থাকতে দেখা যায়। তাঁদের সঙ্গে যোগ দেন রাহুল গান্ধীও।
নিজেও একটি মুখোশ পরে নেন তিনি। পরে বাসে যাত্রার সময় দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মুখেও ব্যাটম্যানের মুখোশ পরিয়ে দেন রাহুল। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।আরও পড়ুন:
কংগ্রেসের এই প্রতীকী প্রতিবাদ নিয়ে অবশ্য কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিং সমাজমাধ্যমে মন্তব্য করেন, দিল্লি কোনও কাল্পনিক ‘গথাম’ শহর নয়। তাই সেখানে কোনও ‘ডার্ক সুপারহিরো’র প্রয়োজন নেই বলেও কটাক্ষ করেন তিনি। উল্লেখ্য, ব্যাটম্যানের কাল্পনিক শহর হিসেবেই পরিচিত গথাম সিটি।আরও পড়ুন:
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনের মধ্যে ব্যাটম্যানের মুখোশ ব্যবহার নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিতর্কে। কংগ্রেসের এই পদক্ষেপকে তরুণদের কাছে পৌঁছনোর প্রতীকী প্রচেষ্টা হিসেবে দেখা হলেও বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলেছে। ফলে এসআইআর নিয়ে শুরু হওয়া রাজনৈতিক সংঘাতের পাশাপাশি বিরোধীদের প্রতিবাদী কৌশলও এখন চর্চার কেন্দ্রে।