এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। ‘ভোটচুরি’র অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্টের উদ্দেশে পদযাত্রা করে ‘ইন্ডিয়া’ জোট। ওই দিনই এসআইআর-সহ নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করা হয়। তবে সেই পিটিশনে ১৪টি ত্রুটি রয়েছে বলে সোমবার রাতে জানিয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি। শুধু তাই নয়, আবেদনের জন্য নির্ধারিত কোর্ট ফি-তেও ২২০ টাকার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির তরফে চিহ্নিত ত্রুটিগুলির মধ্যে রয়েছে প্রয়োজনীয় কিছু আইনি নথি সংযুক্ত না করা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিচয়পত্রের অস্পষ্ট প্রতিলিপি এবং কয়েকটি নথিতে অত্যন্ত ছোট হরফের ব্যবহার। পাশাপাশি, দুটি নির্দিষ্ট নথির রঙিন প্রতিলিপি জমা না দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
এ ছাড়া কিছু নথিতে লেখা অস্পষ্ট থাকা, পৃষ্ঠা বাদ পড়া, আঞ্চলিক ভাষায় লেখা পৃষ্ঠা এবং কয়েকটি পৃষ্ঠার নম্বরের অসঙ্গতির কথাও জানিয়েছে রেজিস্ট্রি। খাড়গের পরিচয়পত্রের স্পষ্ট ও পাঠযোগ্য প্রতিলিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, আবেদনকারী ৩ থেকে ১১ নম্বর পর্যন্ত ব্যক্তিদের ক্ষেত্রে ‘ওকালতনামা’ জমা না দেওয়ার বিষয়টিও ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন:
রাহুল গান্ধীদের দায়ের করা পিটিশনে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া এবং অন্যান্য সিদ্ধান্তের বিরুদ্ধে মোট দশ ধরনের প্রতিকার চাওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা।
আরও পড়ুন:
আবেদনে দাবি করা হয়েছে, আগাম নোটিস দেওয়া এবং সংশ্লিষ্ট ভোটারকে নিজের বক্তব্য জানানোর সুযোগ না দিয়ে যেন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ না দেওয়া হয়। পাশাপাশি, পঞ্জাব-সহ যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সেখানে যোগ্য ভোটারদের আইন অনুযায়ী নির্ধারিত শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ নিশ্চিত করার আবেদন জানানো হয়েছে।
আরও পড়ুন:
এ ছাড়াও বুথভিত্তিকভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের নাম, নাম বাদ দেওয়ার কারণ এবং তাঁদের লিঙ্গ ও বয়সভিত্তিক পরিসংখ্যান প্রকাশের দাবি জানানো হয়েছে।
যাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য উপযুক্ত ব্যবস্থার আবেদনও করা হয়েছে।আরও পড়ুন:
এদিকে, সোমবার ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রায় বিপুল সংখ্যক মানুষের জমায়েতের কারণে নির্ধারিত সময়ের মধ্যে সুপ্রিম কোর্টে পৌঁছতে পারেননি রাহুল গান্ধী। বিকেল সাড়ে চারটের মধ্যে তাঁর আদালতে পৌঁছনোর কথা থাকলেও তা সম্ভব হয়নি। পরে তাঁর হয়ে আইনজীবী এস প্রসন্ন শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন।
আরও পড়ুন:
এই পদযাত্রায় রাহুল গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং একাধিক বাম নেতা।