পুবের কলম ওয়েবডেস্ক, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘিরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন অব্যাহত। সোমবার সুপ্রিমকোর্টের দিকে ইন্ডিয়া জোটের মিছিল ঘিরে দিল্লিতে দু’টি এফআইআর দায়ের হয়েছে। মঙ্গলবার, ১৩ অক্টোবর সুপ্রিমকোর্ট ও দিল্লি হাইকোর্টে বিক্ষোভ সংক্রান্ত একাধিক আবেদনের শুনানি হওয়ার কথা। অন্যদিকে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) মোতায়েনের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবারের মিছিলের ঘটনায় একটি এফআইআর দায়ের হয়েছে বারাখাম্বা রোড থানায়, অন্যটি তিলক মার্গ থানায়। 

৬ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে মোতায়েন করা হয়েছিল প্রায় ১১ হাজার সিএপিএফ কর্মী। ১২ অক্টোবর রাতে তাঁদের ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তাঁদের দিল্লিতেই থাকতে বলা হয়েছে।

দিল্লি পুলিশও ২০ অক্টোবর পর্যন্ত ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে।

১০ ও ১১ অক্টোবরের বিক্ষোভে আইনজীবী ও আদালতের কাজে বিঘ্ন ঘটার অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে দু’টি পৃথক আবেদন জমা পড়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আদালতের কাজকর্ম ও আইনজীবীদের চলাচলে কোনও বাধা বরদাস্ত করা হবে না।

মঙ্গলবার বিকেলে বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের যৌথ সাংবাদিক বৈঠক করার কথা। পরে রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী সাংসদ, নাগরিক সমাজের প্রতিনিধি ও ছাত্র সংগঠনের কর্মীদের সঙ্গে চা-চক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে।