পুবের কলম ওয়েব ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ছ’টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন। সোমবার রাতে রাষ্ট্রপতির সম্মতির পর এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়েছে। নতুন রাজ্যপাল পাওয়া রাজ্যগুলি হল তামিলনাড়ু, সিকিম, কেরল, কর্নাটক, ওড়িশা এবং উত্তরাখণ্ড। তাৎপর্যপূর্ণভাবে, নবনিযুক্ত এই রাজ্যপালদের মধ্যে পাঁচজনই প্রাক্তন সাংসদ। নবনিযুক্ত রাজ্যপালরা নিজ নিজ পদের দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তামিলনাড়ুর স্থায়ী রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেন্দ্র আর্লেকর। এতদিন তিনি এই রাজ্যের অতিরিক্ত দায়িত্বে ছিলেন এবং সম্প্রতি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী থলপতি বিজয়কে তিনিই শপথবাক্য পাঠ করিয়েছেন। এর আগে তিনি বিহার এবং হিমাচল প্রদেশের রাজ্যপালের দায়িত্বও সামলেছেন। অন্যদিকে, সিকিমের নতুন রাজ্যপাল হচ্ছেন দুষ্যন্ত গৌতম। বিজেপি সভাপতি নীতিন নবীনের কমিটিতে জায়গা না পাওয়ার পর থেকেই তাঁকে বড় কোনও দায়িত্ব দেওয়ার জল্পনা চলছিল, যা এই নিয়োগের মাধ্যমে স্পষ্ট হল। পাশাপাশি, সিকিমের বিদায়ী রাজ্যপাল তথা বর্ষীয়ান বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ ওমপ্রকাশ মাথুরকে কেরলের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়াও বিজেপির সংসদীয় বোর্ডের সদস্য তথা প্রাক্তন সাংসদ সুধা যাদবকে কর্নাটকের রাজ্যপাল পদে পাঠানো হয়েছে। পালামৌয়ের প্রাক্তন সাংসদ ব্রজমোহন রাম বসছেন ওড়িশার রাজ্যপালের আসনে। আগামী বছরের শুরুতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার ঠিক আগেই মধ্যপ্রদেশের বলাঘাট কেন্দ্রের প্রাক্তন লোকসভা সাংসদ ধল সিং বিষেনকে সে রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে বেছে নেওয়া হল।