পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ২০১৯ সালের একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানি মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বড়সড় আইনি স্বস্তি দিল দেশের শীর্ষ আদালত। মহারাষ্ট্রের একটি নিম্ন আদালতে এই সংক্রান্ত মামলার পরবর্তী সমস্ত কার্যধারার ওপর মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি অপারেশ কুমার সিংয়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ মহারাষ্ট্র সরকার এবং মামলার অভিযোগকারী এম এইচ শ্রীশ্রীমালের কাছে নোটিশ পাঠিয়ে আগামী চার সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে।
 
উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর বম্বে হাইকোর্ট রাহুল গান্ধীর বিরুদ্ধে জারি হওয়া সমন খারিজ করতে অস্বীকার করেছিল। গিরগাঁও ম্যাজিস্ট্রেটের ২০১৯ সালের ২৮ আগস্টের সমন জারির আদেশের বিরুদ্ধে রাহুলের করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

তবে সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ দিতে ম্যাজিস্ট্রেট কোর্টকে শুনানির ওপর ছয় সপ্তাহের স্থগিতাদেশ বজায় রাখতে বলেছিল হাইকোর্ট।
 
হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন কংগ্রেস সাংসদ। শুনানিতে রাহুলের পক্ষে উপস্থিত প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি শীর্ষ আদালতের পূর্ববর্তী বিভিন্ন রায়ের প্রসঙ্গ টেনে জানান যে, এই ধরনের মামলার আইনি অবস্থান ইতিমধ্যে স্পষ্ট।
 
অভিযোগ অনুযায়ী, রাহুল গান্ধী ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর রাজস্থানে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিলেন। অভিযোগকারীর দাবি ছিল যে, রাহুলের ওই বক্তব্য সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যুক্ত সমস্ত বিজেপি সদস্য ও ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অভিযোগের সমতুল্য।