পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী তথা বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুর পুজো এবার জেলেই কাটবে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া এই প্রাক্তন হেভিওয়েট নেতার জামিনের আবেদন মঙ্গলবার ফের খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি ছিল। আবেদন খারিজের পিছনে আদালত আলাদা করে কোনও কারণ না দর্শালেও, মূলত প্রভাবশালী তত্ত্বেই প্রাক্তন মন্ত্রীকে জামিন দেওয়া হয়নি বলে মনে করা হচ্ছে।
ফলে, প্রতি বছর যিনি নিজের হাতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো সাজিয়ে তুলতেন, এবার সেই পুজোর আনন্দ থেকে তাঁকে সম্পূর্ণ দূরেই থাকতে হচ্ছে।পুজোর আগে স্বস্তি পেতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু এদিন শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আইনজীবী তাঁর জামিনের তীব্র বিরোধিতা করেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সুজিত বসু অত্যন্ত প্রভাবশালী এক জন ব্যক্তি। এই মুহূর্তে তাঁকে জামিন দেওয়া হলে তিনি বাইরে বেরিয়ে প্রভাব খাটিয়ে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ নষ্ট করতে পারেন। এর ফলে তদন্তপ্রক্রিয়া ব্যাহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ইডির এই সওয়াল শোনার পরই বিচারপতি প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন নামঞ্জুর করে দেন।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত মে মাস থেকে তৃণমূলের একাধিক প্রাক্তন মন্ত্রী ও বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে গতি আনে সিবিআই ও ইডি। শিক্ষক নিয়োগ ও পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত ১২ মে সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীদের দাবি, শুধুমাত্র নিয়োগ দুর্নীতিই নয়, তদন্তের গভীরে নেমে প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে আরও একাধিক আর্থিক দুর্নীতির হদিশ মিলেছে। এমনকী তাঁর ছেলের রেস্তরাঁতেও বিভিন্ন বেআইনি কাজকর্ম চলত বলে অভিযোগ। তদন্তের স্বার্থে সুজিত বসুকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছেন ইডি আধিকারিকরা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এর আগে একাধিকবার তাঁর জামিন খারিজ হয়েছে। এবার হাই কোর্টও মুখ ফিরিয়ে নেওয়ায় আপাতত জেলবন্দি অবস্থাতেই দিন কাটাতে হবে প্রাক্তন দমকল মন্ত্রীকে।