পুবের কলম, ওয়েবডেস্ক: প্রখ্যাত কণ্ঠশিল্পী প্রয়াত জুবিন গার্গের মৃত্যুর মামলায় দ্রুত বিচার ও শাস্তির দাবিতে ফের উত্তাল হয়ে উঠল আসাম। সোমবার সোনাপুরের ‘জুবিন ক্ষেত্র’-এ এক নীরব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ। এই কর্মসূচিতে প্রয়াত শিল্পীর সহ-সঙ্গীতশিল্পী এবং শত শত অনুরাগী উপস্থিত হয়ে ন্যায়বিচারের জোরালো দাবি জানান।
গৌহাটি হাইকোর্ট সম্প্রতি এই মামলার অন্যতম অভিযুক্ত সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে জামিন দেওয়ার পর থেকেই আসামজুড়ে সাধারণ মানুষের মনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই ঐক্যবদ্ধ প্রতিবাদের ডাক দেওয়া হয়।
গরিমা সাইকিয়ার প্রশ্ন, যদি এই ধরনের গুরুতর ষড়যন্ত্রমূলক মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তরাও জামিনে মুক্ত হয়ে যায়, তবে পুরো বিচার প্রক্রিয়ায় তার চরম নেতিবাচক প্রভাব পড়বে এবং তথ্য-প্রমাণ লোপাটের সম্ভাবনা বৃদ্ধি পাবে। জুবিন গার্গের কোটি কোটি অনুরাগী রয়েছেন এবং পুরো আসাম তাঁর পাশে দাঁড়িয়েছে। এমন একটি স্পর্শকাতর ও গুরুতর অপরাধের আসামিরা যদি খোলা আকাশে ঘুরে বেড়ায়, তবে সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার দায় কে নেবে? গরিমা জানান, তাঁরা আদালতের ওপর পূর্ণ আস্থা রাখছেন এবং সঠিক বিচারের আশা করছেন। কিন্তু বিচার প্রক্রিয়া ভুল পথে পরিচালিত হলে সমগ্র আসামের মানুষ রাজপথে নেমে ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলবে।
প্রতিবাদকারী ও জুবিন গার্গের অনুরাগীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো অবস্থাতেই এই মামলার গতি শ্লথ হতে দেওয়া যাবে না। তারা অবিলম্বে একটি সুনির্দিষ্ট মেয়াদের মধ্যে ট্রায়াল শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আদালতের তরফ থেকে ন্যায়বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আসামের জনগণ থামবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।