পুবের কলম ওয়েব ডেস্ক:  নিবিড় ভোটার তালিকা সংশোধনীবা এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত ভোটারের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় নাম তোলার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। কমিশনের জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী, তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের নাম তুলতে বুথ লেভেল অফিসাররা (বিএলও) এবার সরাসরি বাড়ি বাড়ি যাবেন। তাঁরা বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে ‘ফর্ম-৬’ পূরণ করিয়ে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করবেন। এছাড়াও পাড়ায় পাড়ায় বিশেষ বুথ লেভেল ক্যাম্পের মাধ্যমেও সাধারণ মানুষ নাম তোলার জন্য আবেদন করতে পারবেন।
সম্প্রতি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বহু যোগ্য নাগরিকের নাম বাদ পড়া নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে প্রবল বিতর্ক তৈরি হয়।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভ চলছে, যার জেরে রাজধানী দিল্লির জনজীবনও ব্যাহত হয়েছে। রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এর প্রতিবাদে সরব হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অভিযানের ডাক দিয়েছিলেন। এই রাজনৈতিক উত্তাপ ও সাধারণ মানুষের উদ্বেগের মাঝেই নির্বাচন কমিশন যোগ্য ভোটারদের অধিকার সুনিশ্চিত করতে তৎপর হয়েছে।
রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি কোনও নির্দিষ্ট সময়ের বিষয় নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই লক্ষ্যে রাজ্যের ২৪টি জেলার নির্বাচন আধিকারিকরা ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন।
কমিশনের রূপরেখা অনুযায়ী, এসআইআরের আগের ও পরের ভোটার তালিকা মিলিয়ে দেখে বাদ পড়া নাগরিকদের চিহ্নিত করবেন বিএলও-রা। এরপর তাঁদের বাড়িতে গিয়ে নাম তোলার যাবতীয় ব্যবস্থা করা হবে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, কোনও যোগ্য ভোটার যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। কোনও নাগরিকের অভিযোগ থাকলে তাঁরা সরাসরি সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও কিংবা ডিইও-র সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সাধারণ নাগরিকদের পাশাপাশি সমাজের প্রান্তিক মানুষদের ভোটাধিকার সুনিশ্চিত করতেও বিশেষ পরিকল্পনা নিয়েছে কমিশন। রাতের আশ্রয়কেন্দ্র, শ্রমিক কলোনি এবং গৃহহীন ও ভবঘুরে মানুষদের কাছে পৌঁছে তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে বিশেষ শিবিরের আয়োজন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।