পুবের কলম, ওয়েবডেস্ক: পাঞ্জাবের ভোটার তালিকায় দেশের স্বাধীনতা সংগ্রামী শহীদ ভগৎ সিংয়ের ছবি এক ভোটারের নামের পাশে প্রদর্শিত হওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। লুধিয়ানা পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় এই গুরুতর অসঙ্গতি ধরা পড়ার পর কংগ্রেস নেতৃত্ব নির্বাচন কমিশন ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে।
আরও পড়ুন:
পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং এই ত্রুটি প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, "বাস ইয়াহি দেখনা বাকি রহ গেয়া থা (কেবল এটাই দেখতে বাকি ছিল)।"
আরও পড়ুন:
কংগ্রেস নেতা রাজা ওয়ারিংয়ের শেয়ার করা তথ্য অনুযায়ী, লুধিয়ানা পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনস্থ পার্ট ৩৮-এর সিরিয়াল নম্বর ৪২২-এর ভোটার তালিকার বিশদে এক ভোটারের নামের ঠিক বিপরীতে শহীদ ভগৎ সিংয়ের একটি পরিচিত ছবি দেখতে পাওয়া যায়।
ভোটার তালিকার মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল নথিতে এমন ঐতিহাসিক ভুল কীভাবে এল, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি।আরও পড়ুন:
সাম্প্রতিক সময়ে হরিয়ানায় ভোটার তালিকা কারচুপির অভিযোগ এবং পঞ্জাবের এক বিজেপি নেতার হাজার হাজার ভোট কেটে দেওয়ার মন্তব্যের জেরে এমনিতেই নির্বাচনী তালিকা নিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে তীব্র শোরগোল চলছে। ঠিক সেই আবহেই এই ছবি বিভ্রাট আগুনে ঘি ঢেলেছে।
আরও পড়ুন:
এই বিতর্কের মুখে লুধিয়ানার জেলা নির্বাচনী অফিসার পুরো বিষয়টিকে 'বিভ্রান্তিকর' বলে উড়িয়ে দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ভুলটি কোনো নতুন নয়; বরং আগের একটি ভোটার তালিকাতেও এই অসঙ্গতি ছিল যা পরবর্তীতে গত ১৩ আগস্ট প্রকাশিত খসড়া বা ড্রাফট ভোটার তালিকাতেও অজান্তে চলে এসেছিল।